অদ্ভুত সেই স্বপ্ন

লেখক : সায়নী আহমেদ শ্রুতি

জীবন—কতই না বৈচিত্র্যময়! এক অজানা মুহূর্তে আমাদের সৃষ্টি, আর প্রথম কান্নার মধ্য দিয়েই পৃথিবীতে আমাদের অস্তিত্বের ঘোষণা। সেই মুহূর্ত থেকেই যেন শুরু হয় এক অন্তহীন যাত্রা, যার সমাপ্তি ঘটে মৃত্যুর দ্বারে। এই দীর্ঘ পথচলায় কেউ ছুটে চলে অর্থের সন্ধানে, কেউ জ্ঞানের, আবার কেউ বা খ্যাতির মোহে। প্রত্যেকেই যেন কিছু না কিছু অর্জনের আকাঙ্ক্ষায় নিয়োজিত, যার শেষ হয়ত নেই । একটির পর একটি প্রাপ্তির তৃষ্ণায় তারা ব্যস্ত। আমি বিস্মিত চোখে তাদের দেখি এবং নিঃশব্দে নিজেকেই প্রশ্ন করি—এসবের শেষ কোথায়? এই অর্থ, এই খ্যাতি, এই অর্জন—সবই যদি একদিন মৃত্যুর কাছে পরাজিত হয়, তবে এদের প্রকৃত মূল্য কতটুকু? প্রকৃত অর্জন আসলে কি?

আমারও একটি স্বপ্ন আছে। তবে সে স্বপ্ন অর্থ, ক্ষমতা কিংবা খ্যাতিকে ঘিরে নয়। আমার স্বপ্ন আরও গভীর, আরও নীরব। অনেকটা সক্রেটিসের আত্মঅন্বেষণের মত—নিজের অস্তিত্বকে আবিষ্কার করা। তিনি বলেছিলেন, “আগে নিজেকে চেনো!” কথাটি নিতান্তই ছোট হ’লেও এই কথাটি ভাবতে শেখায় আমরা আসলে কারা? কেন আমাদের সৃষ্টি? আমাদের এই জীবন কি কেবলই একটি নাট্যমঞ্চ, যেখানে প্রত্যেকে নিজ নিজ চরিত্র অভিনয় করে বিদায় নেয়? নাকি এই দৃশ্যমান জগতের অন্তরালে লুকিয়ে আছে কোন অনন্ত সত্য, কোন মহাজাগতিক রহস্য?

জীবন যেন এক মায়ার আবরণে আবদ্ধ। খুব কম মানুষই সেই মায়ার মোহকে অতিক্রম করে সত্যের আলোর সন্ধানে এগিয়ে যেতে পারে। আর তারাই যুগে যুগে মহামনীষী, দার্শনিক কিংবা মহাপুরুষ হিসেবে মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। তাঁরা আমাদের স্মৃতিতে স্বর্ণাক্ষরে লেখা উজ্জ্বল ইতিহাস। আমি বিখ্যাত হতে চাই না। আমার চাওয়া নিতান্তই সাধারণ – জীবনের প্রকৃত উদ্দেশ্যকে খুঁজে পাওয়া। হয়ত অনেকের কাছে এই স্বপ্ন হাস্যকর মনে হবে, কিন্তু আমার কাছে এটাই জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। আমি বিশ্বাস করি, যেদিন মানুষ সত্যিকার অর্থে নিজেকে জানতে শিখবে, সেই দিন পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। তখন অর্থ, অহংকার কিংবা ক্ষমতার মোহ আর আমাদের বেঁধে রাখতে পারবে না। আমরা এগিয়ে যাব জ্ঞানের আলোয়, সত্যের পথে।

তবু প্রশ্ন রয়ে যায়—আমরা কে? কেন আমাদের সৃষ্টি? মৃত্যুই কি সবকিছুর শেষ, নাকি এটি আরেকটি যাত্রার সূচনা? জীবন কি কেবল একটি পরীক্ষা, নাকি কোন মহৎ উদ্দেশ্য পূরণের প্রস্তুতি? হয়ত একদিন মানবসভ্যতা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে। সেদিন মানুষ আমাদের কী নামে ডাকবে—দার্শনিক, মহামনীষী, নাকি সম্পূর্ণ নতুন কোন পরিচয়ে? সে উত্তর সময়ই দেবে।

তবে আমি বিশ্বাস করি, যে মানুষ সত্যকে খুঁজতে শেখে, সে কখনও সাধারণ থাকে না। সে নিজের জীবন দিয়ে পৃথিবীর বুকে এমন এক দৃষ্টান্ত রেখে যায়, যা সময়ের সীমানা অতিক্রম করে অনন্তকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে। হয়ত আমার সেই অদ্ভুত, রহস্যময় স্বপ্নও একদিন সত্যের আলোয় নিজের পরিচয় খুঁজে পাবে।


লেখক পরিচিতি : সায়নী আহমেদ শ্রুতি
সায়নী আহমেদ শ্রুতি , শাহ্পুর ,ডুমুরিয়া ,খুলনা , বাংলাদেশ । পিতা : ফকির রাজু আহমেদ , মাতা: লাইলী আহমেদ। জন্ম ২০১০ জানুয়ারি মাসের ১৭ তারিখ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up