লেখক : অম্লান ভট্টাচার্য
একদিন মাষ্টারমশাই ক্লাসে বলেন
এখন থেকে দুই আর দুই পাঁচ হবে,
চার নয়,
চার ভুল, এখন থেকে পাঁচই শিখতে হবে,
ক্লাসের ছাত্ররা চারের বদলে পাঁচই বলে উঠল
মাষ্টারের আদেশে
শুধু একজন ছাড়া,
নাছোড়বান্দা ছাত্রটিকে শিক্ষা দেবার জন্য
মাষ্টারমশাই জোর করেও যখন হ’ল না
তখন ক্লাসরুমের বাইরে গিয়ে তিনজন
যুবককে ডেকে আনলেন,
তারা ক্লাসের ছাত্রটিকে মানসিকভাবে
ভীত ও সন্ত্রস্ত করতে চাইল,
অবশেষে মাষ্টারমশাই ক্লাসের নাছোড়বান্দা ছাত্রটিকে একটা চক দিয়ে বললে
বোর্ডে লেখা দুই আর দুই যোগ করতে,
বাকি ছাত্ররা সবাই যে যার জায়গায় বসে রইল,
নাছোড়বান্দা ছাত্রটি চক হাতে ব্ল্যাকবোর্ডের
সামনে দাঁড়াল
আর তিনজন সশস্ত্র যুবক চক হাতে ছাত্রটির
ডানদিকে দাঁড়িয়ে ওর দিকে পিস্তলের
নল তাক করে,
যথারীতি ছাত্রটি দুই আর দুই যোগ চার করার
সাথে সাথে পিস্তলের নল গর্জে উঠল
নল থেকে বারুদের গন্ধ ও ধোঁয়া বেরোল
আর ছাত্রটির বুকের রক্ত ব্ল্যাকবোর্ডের
বুকে ছড়িয়ে পড়ল।
সূত্র: (Two + Two) short movie
লেখক পরিচিতি : অম্লান ভট্টাচার্য
জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।

