বলিনি তোমাকে

লেখক : তৃষিতা মিত্র

তোমাকে সেদিন বলিনি,
অতর্কিতে ভেজানো দরজা ঠেলে তোমার ঘরে কেমন ঢুকে পড়েছিলাম
আর তুমি নিশ্চিন্তে মাথার ওপর হাত রেখে গভীর ঘুমোচ্ছিলে।
গুটিসুটি মেরে তোমার কোলের পাশে দলা হয়েছিল
তোমার পোষ্য ‘মিনি’-‘মিকি’-‘ঝুনু’,
আর তোমার প্রেমিক রাসু হাতে লম্বা জ্বলন্ত সিগারেট নিয়ে
তোমার শ্যাম্পু করা খোলা চুলের গন্ধ শুঁকছিল,
কিচ্ছুটি তোমাকে সেদিন বলা হয়নি,
ঘুমের ঘোরে তোমার অসংবদ্ধ অবিন্যস্ত কাপড়,
রাসু তোমায় দেখতে বিভোর ছিল,
সে ঘরে আমার উপস্থিতি হয়ত সেদিন টের পায়নি।
অপরিচিত লিপির পাঠোদ্ধারের মত রাসুর চকিত দৃষ্টি
ওর হাতের প্রত্যেকটি আঙুল কেমন সাবলীল চলাফেরা করছিল
তোমার দেহের খাঁজে খাঁজে,
যেন তুমি এক গহীন রহস্যময়ী উপত্যকা,
হায়ারোগ্লিফিক্সের মতই দুর্বোধ্য;
যারা ভালবাসাকে একবার পড়তে পেরেছে, ধরে ফেলেছে,
তারা যেন কোনরকম আপোষে আর কক্ষনও রাজি হবে না,
রাসুকে দেখে মনে হচ্ছিল তখন।
তোমাকে বলিনি, হে নারী, তুমি আমাকে ভালবাসো?
সেদিন বাইরে কী বৃষ্টি, ঝমঝমিয়ে উৎরোল ঘোর বর্ষা
জলে পথঘাট চুরমার, রাস্তার পাশে কী যেন এক গাছ
ভালবাসার মানুষরাও ধীরে ধীরে গাছ হয়ে উঠছে।


লেখক পরিচিতি : তৃষিতা মিত্র
কবিতা লিখতে পছন্দ করেন। কবিতার প্রধান বিষয় সমকালীন পরিস্থিতি সমাজ বন্ধুত্ব সম্পর্ক ইত্যাদি।

One comment

  1. Ratan Chakraborty

    বৃক্ষ মানব-মানবী স্থবির
    যতটুকু আকাশ তার মাথার উপর
    যতটূকূ মাটি তার শিকড় আঁকড়ে
    যতটুকু বাতাস তাকে দোলা দিয়ে যায়
    ততটুকু মাপে অধীর সে ভালোবাসায়
    তার চেয়ে কম বা বেশি নয়, টায়টায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up