গাধা

লেখক : স্বপন নাগ

গাধারা শান্তিপ্রিয় হয়
কোনরকম বিরোধপ্রবণতা তাদের নেই

কোন প্রশ্ন করে না তারা
মেনে নেওয়াকেই নিয়তি মনে করে
এমন সুবোধ প্রাণী আর দ্বিতীয়টি কই?

অতএব গাধা, হে প্রণম্য গাধা
যুগ যুগ ধরে তোমরা গাধা হয়ে থাকো
বিনীত প্রার্থনা সেরে
প্রতি রাতে ঘুমোতে যায় আমাদের নেতৃবৃন্দ।

গাধা আমার গাধা ওগো আমার মাণিক সোনা
না থাকলে তোমরা জেনো আমিও থাকব না।

নাচো গাধা নাচো ও ভাই খেলায়-মেলায় নাচো
পাচ্ছ যেটুক সেটুক নিয়েই তুষ্ট হয়ে বাঁচো।
এরও চেয়ে চাইলে বেশি মোটেও তা মানব না।

গাধা আমার গাধা দেদার ভোটের সম্ভাবনা…

গাধারা হিসেব বোঝে না
জানে না – কত ধানে কত হয় চাল
জানে না, এখানে রাত্রি যখন
পৃথিবীর অন্য কোথাও হচ্ছে সকাল।

গাধা নয়, আজ থেকে তোমাকে আমরা গর্দভ বলব
এই ঘোষণায় খুশিতে লেজ নাড়ল গাধা

খবরটি আগুনের মত ছড়িয়ে গেল
এক গাধা থেকে অন্য গাধার উদ্ধত কানে কানে

এখন ব্রিগেডের খোলা মাঠে
গাধারা দল বেঁধে লেজ নাড়ছে ডাক ছাড়ছে

তারা খুশি – এতদিনে তারা ধ্রুপদী তকমা পেল
এতদিন পরে তারা খুঁজে পেল জীবনের মানে।

গাধা আসে গাধা যায়
শত গাধা আসে শত গাধা যায়
গাধারা চিরকালই গাধা থেকে যায়
তারা বদলায় না

গাধা বদলালে কী হবে কী হবে
ভেবে ভয় পায় রাজাও কি তবে!

নিত্যনতুন ফন্দিতে তাই
রাজকৌশল বদলাতে থাকে, বদলায়
ফিরে ফিরে আসে নব নব সব ফন্দি

শুধু গাধারাই আজও অনড়-অটল
নিজেদের রাখে সনাতনী রাতে বন্দি।

গাধারা নির্বোধ হয়
তা জেনেই যুগ যুগ ধরে মানুষ গাধা পুষেছে

গাধারা নির্বিরোধ হয়
তা জেনেই যুগ যুগ ধরে মানুষ
গাধাদের পিঠে চাপিয়ে গেছে বোঝার ভার

কোনো রা না-কেড়েই গাধারা পোষ মেনেছে
বোঝা বয়ে বেড়িয়েছে বিনা বাক্যব্যয়ে

গাধারা কোনদিন প্রতিবাদে সোচ্চার হবে
এ নিয়ে আজও স্বপ্ন দেখে কিছু মানুষ
গল্প পড়ে, গল্প শোনে, চমকিত হয় গল্পগুণের

সেই দিন বেশি দূর নয় –
গাধারাও জেনে যাবে গল্পরহস্য;
বুঝে যাবে কোনটি তুলোর বোঝা, কোনটি নুনের।

গাধারা ঘোড়াকে সম্ভ্রমের চোখে দেখে

ঘোড়ার গতি, ঘোড়ার আভিজাত্যে
গাধাদের আজন্ম শ্রদ্ধা ঝরে ঝরে পড়ে…

ঘোড়া এলে রাস্তা ছেড়ে দাঁড়ায় তারা

খচ্চর যে ঘোড়া নয়, গাধাও নয়
তাদের নেই গাধাজন্মের কৌলিন্য
ইদানিং বোঝাচ্ছে যারা
তাদের ডাকে সভায় ভিড় জমাচ্ছে গাধারা
শ্লোগানে শ্লোগানে ভরিয়ে তুলছে চারপাশ –
দুনিয়ার গাধা এক হও।

গাধাদের দুঃখ নিয়ে
আজ অব্দি একটি কবিতাও লেখেনি কোন কবি

অথচ গাধাদের বিস্তর দুঃখ
যে দুঃখ তাদের পরাস্ত করতে পারে না

কেননা দুঃখে নয়, সান্ত্বনায় বাঁচে গাধারা –
হতে পারে গাধা, অন্তত কলুর বলদ নয়।

কোকিলের কুহুতানে মোহিত হয় মানুষ,
পাখির কলতানে ঘুম ভেঙে জেগে ওঠে সকাল,
বাঘের হালুমে ত্রস্ত বনের পশুরা ;
এমনকি দাপুটে হ্রেষাও সম্ভ্রম জাগায়..

শুধু গাধারা যখন ডাকে
ভদ্রলোকেরা কিছুতেই বুঝে পান না –
সে ডাক কি আনন্দ না উল্লাসের?
নাকি সে-ডাকে লুকিয়ে আছে শুধুই কান্না!

১০

শান্ত প্রিয় একটি প্রাণীর নাম লেখো –
উত্তরে ছাত্রটি লিখল, গাধা।

বিস্মিত শিক্ষক বিশদ ব্যাখ্যা চাইলেন,
ছাত্রটির ততোধিক শান্ত জবাব –
গাধারা আমৃত্যু গাধা থাকে, স্যার
মানুষেরা সর্বদা মানুষ থাকে না।


লেখক পরিচিতি : স্বপন নাগ
জন্ম ১৯৫৭ সালের ১০ জুলাই, হাওড়া জেলার এক গ্রামে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি থেকে অধুনা অবসরপ্রাপ্ত। প্রকাশিত কাব্যগ্রন্থ : ইচ্ছে আমার বনকাপাসী মাঠ, স্থির স্বপ্নে জেগে আছি, প্রিয় ২৫, বিষাদ এসে ঘর বেঁধেছে। কবি কেদারনাথ সিং-এর পঁচিশটি বাছাই হিন্দি কবিতার অনুবাদ গ্রন্থ , প্রিয় পঁচিশ। রম্যগদ্যের একটি সংকলন, ONLY FOR তোমার জন্য। এছাড়াও আছে ইংরেজিতে করা প্রত্যূষা সরকারের এক ডজন বাংলা কবিতার পুস্তিকা IDIOT.।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up