পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য

লেখক : আজাহার রাজা

পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য, জঠরের অন্নলোলুপ আর্তি নয়,
সত্তার আদিম অনিবার্যতা, অস্তিত্বতত্ত্বের অনিবার্য উপপাদ্য,
নিজেকে টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন অভাবের দর্শনে দীক্ষিত,
প্রাপ্তির সকল অলংকার বিলাসের ক্ষণস্থায়ী উপাখ্যানে বিলীন।

ক্ষুধা দেহধর্মের সীমানা অতিক্রমে চেতনার অন্তঃসলিলে গোপন বিস্তার;
মনস্তত্ত্বের অন্তঃসলিলে ইহার অনির্বচনীয় বিস্তার,
আকাঙ্ক্ষা-অপ্রাপ্তি-অধিকারলিপ্সার সমাসবদ্ধ অগ্নিসঞ্চারে
মানুষ ক্রমাগত অতিক্রম করে নিজস্ব সীমানা।

দুধহীন শিশুর দৃষ্টি নিঃশব্দ, মহাবিশ্ববিদারী আর্তনাদ;
প্রাচুর্যের প্রাসাদে অতৃপ্তির অলিখিত অনুযোগ;
উভয়ই ক্ষুধার দ্বিবাচনিক স্বর,
একটি বাঁচার জন্য, অন্যটি অধিকারের অবসানহীন বিস্তার।

পূর্ণতা প্রতারণার সূক্ষ্ম অলঙ্কার
প্রাপ্তির পূর্ণ পাত্রেই অপ্রাপ্তির অণুজীব সুপ্ত থাকে;
অর্জনে উপলব্ধি করে অভ্যন্তরীণ শূন্যতার গহ্বর
অপরিমেয়, অনন্ত, অনির্বাপিত।

সভ্যতা নিজেকে প্রতিষ্ঠিত করেছে ক্ষুধা-নিবারণের যুক্তিতে,
যুক্তিই নির্মাণ করেছে বৈষম্যের শিলাস্তম্ভ;
একদল তৃপ্তির অতিভারে অবনত,
অন্যদল অনাহারের প্রস্তরময় প্রান্তরে নির্বাক বিলীন।

ক্ষুধা নৈর্ব্যক্তিক নয়, দ্বিবাচনিক প্ররোচনা;
একদিকে জীবনধারণের মৌলিক নীতি,
অন্যদিকে লালসার অন্তহীন সম্প্রসারণ;
একটি মানুষকে সীমায় আবদ্ধ করে রক্ষা করে,
অন্যটি সীমাভঙ্গের উন্মত্ততায় ডেকে আনে ধ্বংস ।

পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য, গতি, সৃজন, বিনাশের আদিম সূত্র;
বাকি সব, যশ, ঐশ্বর্য, প্রভা, প্রতিষ্ঠার অলংকৃত উপকরণ,
সময়ের অনিবার্য ক্ষয়ে বিলাসের ক্ষণস্থায়ী প্রতিমূর্তি,
সত্তা ক্ষুধাকে অনুধাবন করে, শেখে অস্তিত্বের গভীরতম ব্যাকরণ ।


লেখক পরিচিতি : আজাহার রাজা
আজাহার রাজা: শুদ্ধতার কবি আজাহার রাজা আধুনিক বাংলা সাহিত্যের একজন স্বতন্ত্র কাব্যশিল্পী, যাঁর কবিতা শুদ্ধতা, মানবিকতা ও আত্মোপলব্ধির অনন্য দৃষ্টান্ত। শৈশবে প্রকৃতি ও মানবিক অনুভূতির প্রতি অনুরাগ তাঁকে সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ অনিশ্চিত যাত্রা। আজাহার রাজার কবিতায় জাগতিক সীমা ছাড়িয়ে দর্শন ও মানবিক মূল্যবোধের মেলবন্ধন ঘটে। শব্দের নিপুণ ব্যবহারে তাঁর রচনাগুলো গভীর জীবনবোধের বহিঃপ্রকাশ। তিনি সমাজের ভণ্ডামি ও মানবতার সংকটকে তীক্ষ্ণভাবে উপস্থাপন করেন, যা পাঠককে আত্মজিজ্ঞাসায় উদ্বুদ্ধ করে। প্রকৃতি, প্রেম ও সমাজবোধে পরিপূর্ণ তাঁর কবিতা এক মহাজাগতিক অনুরণন সৃষ্টি করে। শুদ্ধতার কবি হিসেবে আজাহার রাজা বাংলা সাহিত্যে বিরাজমান, যাঁর সৃষ্টিশীলতা যুগ যুগ ধরে পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up