ক্ষেপণাস্ত্র

লেখক : অভিজিৎ সুর

আপনারা মিথ্যেবাদী,
হ্যাঁ আপনাদের বলছি,
যে কবিরা বলেছিলেন হতাশ না হওয়ার কথা, তাঁদের বলছি,
যে গায়করা স্বপ্ন দেখিয়েছিলেন নতুন দিনের, তাঁদের বলছি,
যে দার্শনিকরা বলেছিলেন মানবতাই পরম ধর্ম, তাঁদের বলছি,
হ্যাঁ আপনাদেরই বলছি
২০,০০০ শিশুর মৃতদেহের সামনে দাঁড়িয়ে বলছি
আপনারা মিথ্যেবাদী

বিফল হয়ে ফিরে গেছে প্রতিশ্রুত দিনগুলো,
কোন আগামী অবশিষ্ট নেই;
এত রক্ত আর ভস্ম মেখেও সভ্যতার তৃষ্ণা মেটে না,
ব্যর্থ আর্তনাদ মিশে আছে ধমনীতে বওয়া শীতল ঠাণ্ডা বরফে

২০,০০০ শিশুর নিষ্পাপ মৃতদেহের পাশে বসে
আমার কি উচিত প্রার্থনা করা?
আমার কি উচিত হাহাকার করা?
আমার কি উচিত কোনো শব্দ উচ্চারণ করা?
আমার কি উচিত চিৎকার করে বলা বিশ্বনেতারা চুপ কেন?

দগ্ধ ভবিষ্যতে কোন মুখ ভাসে না আর,
কবিতার শরীর ক্ষেপণাস্ত্রে ক্ষতবিক্ষত,
আমি কি সনাক্ত করতে পারব আমার মৃতদেহ?
তারপর…

(এই কবিতা এখানেই থামিয়ে দিতে বাধ্য হলাম, কারণ আমি জানি না এর শেষ কোথায়। আমি এও জানি না এই পুড়ে যাওয়া পৃথিবী নিয়ে আমি কি করব।)

তথ্য সূত্র: https://www.savethechildren.net/news/gaza-20000-children-killed-23-months-war-more-one-child-killed-every-hour


লেখক পরিচিতি : অভিজিৎ সুর
একক জীবন, পরিচিতিহীন

One comment

  1. Ratan Chakraborty

    কোনও কবি এর পর পদ পূরণের জন্য হয়তো বা লিখবে—-

    অশনাক্ত লাশগুলি কাঁধে তুলে নেবে ওরা
    লাশ বজ্রবর্ষী মেঘের গর্জনে দুর্গে দেবে হানা
    অযুত কন্ঠের নিনাদে শোনা যাবে ডাক—
    “–শেষ যুদ্ধ শুরু আজ কমরড এসো মোরা
    মিলি এক সাথ–

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up