অহংকারের অগ্নিতত্ত্ব

লেখক : আজাহার রাজা

অহংকারের অগ্নি দীপ্ত রয় অন্তর্লোকের গুহায়
নিঃশব্দ আত্মমুগ্ধতার অদৃশ্য মন্দিরে;
সত্তা নিজের প্রতিচ্ছবিকে আরাধ্য ভেবে
অহর্নিশ জ্বালায় আত্মস্তবের ধূপ।

স্বাতন্ত্র্যের শিখা, সাফল্যের অনল,
সময়ের অদৃশ্য শিলালিপি জানে, শিখা লেলিহান আত্মদাহ।

অহংকার আগুনের মত
অন্যের অরণ্যে নয়, নিজের অন্তঃপুরেই
বিবেকের পত্রপল্লব দগ্ধ করে।

গর্বে দৃষ্টি অন্ধ হলে দিগন্তের ভাষা পড়া যায় না;
মানুষ আকাশকে ভাবে নিজের কণ্ঠের প্রতিধ্বনি মাত্র।
গরিমা ভিন্ন, গরিমা অনুচ্চারিত শক্তির ধ্যান, মহিমার নীরব ব্যাকরণ।
হৃদয়ে গরিমা, শক্তি বজ্রের মত নয়,
পর্বতের মত অবিচল, অচঞ্চল, নিজ উচ্চতায় নির্লিপ্ত।

অহংকার চায় শিখর, দাঁড়িয়ে মানুষ ভাবে, নিজেই শেষ ব্যাখ্যা।
দিগন্তের অন্তরালে সময়ের তুফান ওঠে
অদৃশ্য মেঘে গর্ভবতী আকাশ হঠাৎ বিদীর্ণ হয় বজ্রচাপে।

মানুষ উপলব্ধি করে, অন্যকে দগ্ধ করার অহমে জ্বালানো হয়েছিল,
তার ভস্মেই নিজ সত্তার সমাধিলিপি লেখা।


লেখক পরিচিতি : আজাহার রাজা
ঠাকুরগাঁও, বাংলাদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up