লেখক : অম্লান ভট্টাচার্য
নির্জনতা চেয়েছিলাম, তাই
প্রার্থনা করি
বৃদ্ধ গাছের কাছে,
শীতের সকাল চেয়েছিলাম
প্রার্থনা করি
ধূমায়িত কফির সাথে
সদ্য যৌবন আর বরফ জলে স্নাত তোমার
উন্মুক্ত শরীর,
চুরুটের গাঢ় গন্ধ
প্রার্থনা করি
স্বল্প বসনা
তোমার প্রেমের হাতছানি,
তোমার দেহে প্রজাপতি যেন বাসা
খোঁজ করে
প্রার্থনা করি
আমাদের সন্তান যেন
বসন্তের বাণী,
বৃষ্টি ভেজা রাতে
প্রার্থনা করি
সাহস আসুক কাঁপা ঠোঁটে
আমাদের শরীরের ফোঁটা ফোঁটা
উষ্ণতা জমা হোক
তরবারির ডগায়,
সকাল এলে তোমার পিঠের
ভেজা চুল
প্রার্থনা করি
আমিই সরিয়ে দেব,
আমি বন্ধুর পথ
ভুল নিশানা
শুকনো শীতের ঝরা প্রেম
প্রার্থনা করি
তোমার ঠিকানায়
শেষ কথা হবে।
লেখক পরিচিতি : অম্লান ভট্টাচার্য
জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।

