লেখক : অভীক সিংহ
রাতের আঁধার নামে পথের ধূলায়,
ক্লান্ত ক্রন্দনরত শিশুরে ভুলায়,
জননী ছিন্নবাসা,
স্নেহময় চোখে ভাসে মরণের ভাষা,
মুমূর্ষু পক্ষীশিশু ভগ্ন কূলায়।
জানায় শমনবাণী সারমেয়দলে,
চিৎকারে, স্বামীর চরণতলে,
অভাগী পায়নি শরণ,
মন্দভাগ্য তারে করেছে হরণ,
ফুটপাথে প্রতিদিন দিন গুনে চলে।
ক্ষুধাতুর শিশুর কান্না অবিরাম,
জঠরজ্বালায় কিসে পাবে সে আরাম,
অশ্রু মূল্যহীন,
জননীর মনে তাই প্রশ্ন কঠিন,
“নারীর যৌবন আজ পাবে কত দাম?”
বেদনার্ত কয়েকটা মুহূর্ত পরে,
প্রত্যাবর্তন করে নিজ ঘরে,
জননী বিস্রস্তবাসা,
অশ্রু আজিকে তার হারায়েছে ভাষা,
বিধাতা করেন ব্যঙ্গ কুটিল নজরে।
আঁধার কেটে গিয়ে হয়েছে সকাল,
পথের পাশেতে কুকুর একপাল,
নিহত সম্মানের ভোজে,
অসভ্য সভ্যতা আশ্রয় খোঁজে,
নিঠুর শিশুহন্তার ঘটেছে ইন্তেকাল।
লেখক পরিচিতি : অভীক সিংহ
গল্পটির লেখক ডঃ অভীক সিংহের জন্ম পশ্চিমবঙ্গে। পেশায় অর্থনীতির অধ্যাপক এবং গবেষক। তবে ভালবাসাটা আজও লেখালিখি, পেন্সিল স্কেচ, যন্ত্রসংগীত, এবং নিত্যনতুন রান্নাবান্নার সাথেই রয়ে গিয়েছে। প্রথম বই "R.E.CALL: এক Recollian-এর গল্প" প্রকাশিত হয় ২০১৪ সালে। দাদুর হাত ধরে কবিতা দিয়ে লেখালিখির সূত্রপাত হলেও এখন প্রবন্ধ এবং গল্পতেই মনোনিবেশ করেছেন।

